৬ আগস্ট ২০২৫
বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির অন্যতম দিকপাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ ২২ই শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে মৃত্যুবরণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ আগামীকাল আয়োজন করবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অস্তাচলে রবি’। ০৭ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০০টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হবে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। সংক্ষিপ্ত আলোচনার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত ‘সমুখে শান্তি পারাবার’ ও ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত নৃত্য ‘শুধু তোমার বাণী নয় গো’। নৃত্যটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সানী। এরপর একক সংগীত ‘তুমি কি কেবলই ছবি’ ও ‘আমার না বলা বাণী’ গান দুটি পরিবেশন করবেন শিল্পী ‘মোহনা দাস’ ও ‘হিমাদ্রী রায়’।
পরপর দুটি সমবেত নৃত্য ‘আমার মুক্তি আলোয় আলোয়’ ও ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ পরিবেশন করবে যথাক্রমে ‘আরাধনা’ ও ‘তপস্যা’র নৃত্যশিল্পীবৃন্দ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ পরিবেশন করবেন সমবেত সংগীত ‘জীবন মরণের সীমানা’ ও ‘মেঘ বলেছে যাবো যাবো’। ভাবনা’র নৃত্যশিল্পীবৃন্দ সমবেত নৃত্য ‘বজ্রে তোমার বাজে বাঁশি’ পরিবেশন করবে। সবশেষে সমবেত নৃত্য ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। নৃত্য পরিচালনা করেছেন লায়লা ইয়াসমীন লাবণ্য।
অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।
Reporter Name 















