হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ জুন) গভীর রাতে সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আবুল কাশেম (পিতা: শাহে আলম) চরচেঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, ২০০৫ সালে এক সরকারি কর্মচারীর উপর হামলার ঘটনায় করা জিআর ৬৭/০৫ মামলায় আদালত তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণা হয় ২০২০ সালে। এরপর থেকেই কাশেম পলাতক ছিলেন।
হাতিয়া থানা পুলিশের এসআই মিনহাজুল আবেদিন জানান, সাজা থেকে বাঁচতে আবুল কাশেম চেহারা পরিবর্তন করে ভদ্র মানুষের ছদ্মবেশে আত্মগোপন করেছিলেন। অবশেষে ঈদ উপলক্ষে বাড়ি ফিরলে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, দণ্ডপ্রাপ্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 












